আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত আবার নতুন করে রাজপথে নেমেছে। সভা-সমাবেশের নামে তাণ্ডব চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। তারা উস্কানি দিচ্ছে, পায়ে পা দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ তাদের তাণ্ডব শেষ হয়ে যায়নি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথির এসব কথা বলেন তিনি।
মাহবুবউল আলম হানিফ বলেন, গোলযোগ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার বিএনপি’র লক্ষ্য। তারা যেকোনো মূল্যে সরকারের পতন ঘটাতে চায়। বিএনপি বলে তারা নির্বাচনে যাবে না। তারা জানে তাদের দলের দুই শীর্ষ নেতা দুর্নীতি, সন্ত্রাসী ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত তাদেরকে জনগণ ভোট দেবে না। তারা জানে বলেই তারা চায় না নির্বাচন হোক।
তিনি বলেন, তাদের লক্ষ্য, সরকারের পতন ঘটাতে পারলে অন্য কোনো সামরিক সরকার যদি আসে তাহলে তাদের দণ্ড মওকুফ করে নির্বাচন করার সুযোগ দিবে। এটাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশে এই লক্ষ্যকে বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই।










