পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা বাংলাদেশের ভূখণ্ডকে লক্ষ্য করে গোলাবর্ষণ করছে না। ওই এলাকার সীমান্ত খুব ক্রিসক্রসড। কখনও কখনও সীমান্ত বোঝা কঠিন হয়ে পড়ে, সেই কারণে তারা আমাদের সীমান্তের ভেতরে ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ করছে না, আমাদের সীমান্তের ভেতরে যে এক-দুটি গোলা পড়েছে তা ভুলবশত পড়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আমেরিকার হোটেল লোটে প্যালেসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং মিয়ানমার কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সতর্ক থাকবে। বাংলাদেশ পুরো সীমান্ত সিল করে দিয়েছে এবং নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা এখন খুব শক্ত অবস্থানে আছি, আমরা আমাদের সীমান্ত সিল করে দিয়েছি যাতে নতুন কোনো রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এরই মধ্যে কিছু নতুন রোহিঙ্গা চীনের এলাকায় চলে গেছে, আমাদের দিকে আসার সাহস করেনি।











