ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সাইফুল জানান, দুপুরে তাকে হল থেকে ওই কক্ষে সিট বরাদ্দ দেওয়া হয়। বিকেলে বিছানাপত্র নিয়ে সিটে ওঠেন তিনি। সন্ধ্যায় অভিযুক্তরা ওই কক্ষে আসেন, পরে কক্ষ থেকে তাকে বের করে দেওয়ার চেষ্টা করে। তিনি বের হতে না চাইলে, শরিফ খান তাকে লাথি মেরে ঘাড় ধরে ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে সবাই মিলে তাকে বের করে দেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেছেন, সাইফুলকে মারধরের খবর পেয়ে হলের আবাসিক শিক্ষক আইনুল ইসলাম ও ইমাউল হক সরকার ওই কক্ষে গিয়ে দরজা খুলতে বললেও তারা দরজা খোলেননি। প্রায় ৪০ মিনিট ডাকাডাকির পর তারা দরজা খুলে বাইরে আসেন।
হলের আবাসিক শিক্ষক ও কক্ষ বরাদ্দ কমিটির আহ্বায়ক আইনুল ইসলাম জানান, শিক্ষকদের বাহিরে দাঁড় করিয়ে রাখা একটি অপরাধ। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান জানান, হল কর্তৃপক্ষ ইতোমধ্যে কক্ষটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তদন্ত সাপেক্ষে রুমটি বৈধ শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেওয়া হবে।











