spot_img

১০ হাজার দিয়ে ভোট কিনতে গিয়ে ২০ হাজার টাকা জরিমানা গুনতে হলো আ’লীগ নেতাকে

বরগুনার বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীর উপস্থিতিতে তাকে অর্থদণ্ড দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। এ সময় প্রার্থী বাবুল আক্তারকে সতর্ক করে দেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আগামী ১৭ অক্টোবর বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন বাবুল আক্তার। তিনি বিভিন্ন ভোটারদের কাছে গিয়ে ভোট প্রতি ১০ হাজার টাকা করে দিয়েছেন ভোটারদের। এই টাকা লেনদেনের একটি কলরেকর্ড ছড়িয়ে পড়ে ম্যাসেন্জার ও হোয়াটসঅ্যাপে। পরবর্তীতে একথা তিনি স্বীকারও করেন।

ভ্র্যাম্যমাণ আদালতের ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর বলেন, জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি স্বীকার করেছেন প্রার্থী বাবুল আক্তার। তিনি ভুল স্বীকার করেছেন। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ভোটারদেরকে টাকা দেওয়ার কিছু কল রেকর্ড আমরা পেয়েছি। সব কিছু পর্যবেক্ষণ করে ভ্রাম্যমাণ আদালতে তাকে অর্থদণ্ড করা হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ