ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীতে সেতু ধসের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সাংবাদিকদের বলেন, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়েরের পর আমরা নয়জনকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে আছেন ওরেভা গ্রুপের দুই ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। গাফিলতির জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঝুলন্ত এই সেতুটি ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৪১ জনে। এছাড়া আহতও হয়েছেন অনেকে। প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজনের অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মোরবি পৌরসভার কর্মকর্তারা বলেছেন, যথাযথ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই সেতুটি পুনরায় খুলে দেওয়া হয়েছিল। স্থানীয় একটি বেসরকারি ট্রাস্ট সেতুটির মেরামত ও সংস্কার কাজ করেছে। কিন্তু রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ওই ট্রাস্ট সেতুটি খুলে দেয়।
সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস











