spot_img
spot_img

ভারতে মদপানে ৬ বছরে ৭ হাজার মৃত্যু!

ভারতে নকল মদপানের কারণে গত ছয় বছরে প্রায় সাত হাজার লোকের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং পাঞ্জাবে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ‘এনসিআরবি’র তথ্য অনুসারে দেশটিতে ২০১৬ সালে নকল মদ পানের কারণে ১ হাজার ৫৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যেখানে ২০১৭ সালে ১ হাজার ৫১০ জন, ২০১৮ সালে ১ হাজার ৩৬৫ জন, ২০১৯ সালে ১ হাজার ২৯৬ জন এবং ২০২০ সালে ৯৪৭ জনের মৃত্যু হয়েছে৷ পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে সারা দেশে নকল মদ সেবনের সাথে সম্পর্কিত ৭০৮টি ঘটনায় ৭৮২ জন মারা গেছে। এই সময়ের মধ্যে উত্তর প্রদেশে সর্বোচ্চ ১৩৭ জন, পাঞ্জাবে ১২৭ জন এবং মধ্যপ্রদেশে ১০৮ জনের মৃত্যু হয়েছে।

‘এনসিআরবি’র তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে ভারতে নকল মদে মোট ৬ হাজার ৯৫৪ জনের প্রাণ গেছে। এই অর্থে, নকল মদ সেবনের কারণে দেশে প্রত্যেকদিন গড়ে তিনজনের বেশি মানুষ মারা যাচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২১ সালের মধ্যে মধ্যপ্রদেশে সর্বাধিক ১ হাজার ৩২২ জন মারা গেছে, এই সময়ের মধ্যে কর্ণাটকে ১ হাজার ১৩ জন এবং পাঞ্জাবে ৮৫২ জন মারা গেছে।

২০২২ সালের ১৯ জুলাই ভেজাল মদের কারণে মৃত্যুর বিষয়ে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) এমপি কুনওয়ার দানিশ আলীর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘এনসিআরবি’ পরিসংখ্যান উপস্থাপন করেছিলেন। পরিসংখ্যানে অনুসারে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে নকল মদপানের ফলে উত্তর প্রদেশে ৪২৫, রাজস্থানে ৩৩০, ঝাড়খণ্ডে ৪৮৭, হিমাচল প্রদেশে ২৩৪, হরিয়ানায় ৪৮৯, গুজরাটে ৫৪, ছত্তিশগড়ে ৫৩৫, বিহারে ২৩, অন্ধ্র প্রদেশে ২৩৯ এবং পশ্চিমবঙ্গে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নকল মদে পুদুচেরিতে ১৭২ এবং দিল্লিতে ১১৬ জন প্রাণ হারিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ