এশিয়ায় প্রায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়।
এক বিবৃতিতে অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয় জানায়, সমন্বিত চারটি জাহাজে মোট এক লাখ ৪৫ হাজার টন গম নিয়ে ওডেসা বন্দর থেকে এশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এরমধ্যে ৭১ হাজার টন গমের গন্তব্য ইন্দোনেশিয়া।
সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান বলেন, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানি হয়েছে। শস্য রফতানির এই চুক্তি টানা সাত মাস ধরে দুনিয়াজুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে।
তিনি আরও বলেন, আমরা ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক।











