বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কেউ জনগণের চাওয়াকে দমিয়ে রাখতে পারেনি, এই সরকারও পারবে না। জনগণ বর্তমান সরকারের পরিবর্তন চায়।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে মুসলিম লীগের দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের এতো নেতাকর্মী গ্রেপ্তার। মাত্র তিন মাসের মধ্যে ১২-১৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারপরও প্রত্যেকটি প্রোগ্রাম সফল হচ্ছে। প্রত্যেকটি আন্দোলনে অসংখ্য লোকের সমাগম হচ্ছে। সবাই কি দলের লোক? না। আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হচ্ছে। আর সাধারণ মানুষ তখনি যুক্ত হয়, যখন তারা পরিবর্তন চায়।
তিনি বলেন, জোর করে ক্ষমতায় টিকে থেকে সরকার ভুল করেছে। এটা জানার পরও তারা কেন একই ভুল করছে, ক্ষমতা কি মানুষকে এতোই অন্ধ করে দেয়? সব রাজনৈতিক দলের কখনও ভালো অবস্থা গেছে, কখনও খারাপ অবস্থায় গেছে। সুসময়-দুঃসময় যেমন মানুষের জীবনে থাকে, রাজনৈতিক জীবনেও থাকে। আশা করি, যে দলটি ক্ষমতায় আছে তারা বিষয়টি বুঝতে পারবে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয়। আজকে সেই নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। হয় কাউকে নির্বাচনে আসতে দেবেন না, কিংবা আগের রাতেই ভোট করে ফেলবেন! আপনারা বলবেন—আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণেরে সমর্থনে কাজ করছি, এই রসিকতার কোনো মানে হয় না।










