ব্যাপকভাবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনকে বিনামূল্যে টিকা সরবরাহের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের জিরো কোভিড পলিসি শিথিল করার পরে দেশটিতে সংক্রমণ বেড়েছে উল্লেখ করে ইইউ নির্বাহী মঙ্গলবার বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন চীনকে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করার প্রস্তাব দিয়েছে।
ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, চীন এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি। তবে ইইউ বা তাদের নির্মাতারা কী পরিমাণ ভ্যাকসিন চীনকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তা উল্লেখ করেননি তিনি।
ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বলেন, চীনে কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে (স্বাস্থ্য) কমিশনার স্টেলা কিরিয়াকাইডস তার চীনা সমকক্ষ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ইউরোপীয় ইউনিয়নের সংহতি জানানোর পাশাপাশি ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তার প্রস্তাব দিয়েছেন।
এদিকে বেইজিং ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব গ্রহণ করবে কিনা জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং রয়টার্সকে বলেন, চীনের টিকা দেওয়ার হার এবং চিকিৎসার সক্ষমতা বাড়ছে এবং এর সরবরাহও ‘পর্যাপ্ত’ রয়েছে।
তিনি বলেন, চীন তার মহামারি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংহতি ও সহযোগিতা জোরদার করার বিষয়ে উন্মুক্ত। যদিও টিকাগ্রহীতাদের চাহিদা চীন একাই পূরণ করতে পারে।
রয়টার্স বলছে, করোনা মহামারির শুরু থেকে চীন এখনও পর্যন্ত শুধুমাত্র নিজেদের তৈরি ভ্যাকসিন ব্যবহার করার ওপর জোর দিয়েছে। চীনা এসব ভ্যাকসিন তার নিজস্ব জনসংখ্যার জন্য এবং তা পশ্চিমা এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি।
সূত্র: রয়টার্স











