বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। বিএনপি গণতন্ত্রকে রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের মুন্নু সিটিতে জেলা বিএনপি আয়োজিত ‘১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, আজ আওয়ামী লীগের শাসন আমলে দেশে ন্যায়বিচার নাই। ন্যায়-নীতিকে নির্বাসন দিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের মানুষকে এ জুলুম-নির্যাতন থেকে পরিত্রাণ পেতে হলে একটি নিরপেক্ষ সরকার গঠন করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
মঈন খান আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আমারা দেখেছি, গণতন্ত্রকে হত্যা করে সৈনিকরা, সামরিক সরকাররা। আর বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে গণতন্ত্রকে হত্যা করেছিল একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিগত ১৫ বছর ধরে অলিখিত বাকশাল চলছে। আমি বলবো লিখিত বাকশালের চেয়েও এটা খারাপ।
তিনি বলেন, আওয়ামী লীগ তাদের সৎ সাহস হারিয়ে ফেলেছে। তারা জনগণকে ভয় পায়। তারা মুখে বলে দেশের উন্নয়ন করেছে। তাহলে তো একটি নিরপেক্ষ নির্বাচন দিলে জনগণ পাগল হয়ে আওয়ামী লীগকে ভোট দেবে। তারা জনগণকে ভয় পায়, গণতন্ত্রকে ভয় পায় বলেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না।










