পূর্ব ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এতে ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) অঞ্চলটির অন্তত ৪৫টি এলাকায় রুশ সেনারা একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কসহ বেশ কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার একযোগে রুশ সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪৫টি এলাকার বিভিন্ন স্থাপনা। কিয়েভের দাবি, হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বাখমুত শহরের ৬০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। যদিও বরাবরের মতো রুশ প্রতিরক্ষা বিভাগ বলছে, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশেও হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা।
গত সপ্তাহে শহরের একটি আবাসিক হোটেলে ক্ষেপণাস্ত্র হামলার সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে বলে জানানো হয়। এ ঘটনায় আহত হয়েছিলেন বেশ কয়েকজন। নতুন এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধের গতিপথ পাল্টে দিতে রাশিয়া আবারও সেনা সমাবেশের কৌশল নিচ্ছে। এর মাধ্যমে পরবর্তী সময়ে ইউক্রেনে ব্যাপক আকারে হামলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এদিকে হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।











