বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ যে একটি আকাঙ্খা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল- সেটি হচ্ছে গণতন্ত্র। আমি আমার ভোট দিয়েছি, সেই ভোটের মূল্যায়ন করতে হবে। পাকিস্তানি সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল। জনগণ যাতে তাদের ভোট না দিতে পারে তার জন্য বর্তমান সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
টুকু বলেন, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক দেশে শাসন ব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা চাচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বৃদ্ধ লোকজনকে নিয়ে যেয়ে গ্রেফতার করে গুলি করে এবং মামলা দেয়। এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোন মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক। তারা যতই কথা বলুক না কেন নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পারছি। সেই আলামতে আমরা দেখতে পারছি আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমলাদের নিয়ে।
তিনি বলেন, এবার হয়তো দিনে রাতে হবে না দিনের ভোট দিনেই হবে তবে অন্য কোন মেকানিকে হবে। ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে নির্বাচনে যাতে জনগণ তাদের ভোট না দিতে পারে তার জন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।










