যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ক্ষমতার জন্য বিএনপি মরিয়া হয়ে গেছে। ক্ষমতায় আসতে হলে প্রথমে তাদের এদেশের মানুষের কাছে মাফ চাইতে হবে।
বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এদেশের মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন করেছে বিএনপি, আওয়ামী লীগের ভোটারদেরকে চিহ্নিত করে করে তারা নিশ্চিহ্নের চেষ্টা চালিয়েছে। ঐ সকল নির্যাতিত জনগণ যেন বিচার না চাইতে পারে সেই জন্য বিচার প্রার্থীদের ভয় দেখাতে তারা আবার বিচারালয়েও বোমাবাজি করেছে। ভয়-ভীতি দেখিয়ে জনগণকে শাসন করতে চান আপনারা? আপনাদের অত্যাচার-নির্যাতনের বিচার যেন এদেশের মানুষ না চাইতে পারে এবং গণমাধ্যম যেন প্রকাশ না করে সেজন্য আপনারা বিচারালয়ে এবং প্রেসক্লাবে সেদিন বোমাবাজি করেছিলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে যুবলীগের চেয়ারম্যান বলেন, ৬৩ জেলার প্রেসক্লাবে বোমা মেরেছিলেন এবং দুইজন বিচারককে হত্যা করেছিলেন। সিনেমা হলেও বোমা মারতে ছাড়েন নাই। এতে প্রমাণ হয়, আপনাদের লক্ষ্য এদেশের সাধারণ মানুষ; তাই বিভিন্ন সময় সাধারণ মানুষ ও আমজনতাকে আপনারা আপনাদের সন্ত্রাসের শিকার বানান। সেজন্যই অগ্নিসন্ত্রাস করে সাধারণ মানুষ পুড়িয়ে মারতেও আপনারা দ্বিধাবোধ করেন নাই। এই সকল অপকর্মের জন্য প্রথমে আপনাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
বিএনপির উদ্দেশ্য তিনি আরও বলেন, আপনাদের সময় ১২ ঘণ্টা লোডশেডিং, সার এবং বিদ্যুতের দাবিতে কৃষকের উপর গুলি চালিয়েছিলেন। পক্ষান্তরে আমাদের সময় বিনামূল্যে বই বিতরণ, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প, পদ্মা সেতু, শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ আরও অনেক অর্জন। আপনারা ২১শে আগস্ট গ্রেনেড হামলা করেছিলেন, অপারেশন ক্লিন হার্ট করেছিলেন, বাংলা ভাই সৃষ্টি করেছিলেন। আর আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি, বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছি, জঙ্গিবাদ মুক্ত করেছি, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করে শক্তিশালী করেছি, বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করেছি।










