আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভিত্তি এতটা দুর্বল নয়। এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রবিবার (১৫ জানুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল। কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। তাই আন্দোলনে কোনো জনগণ তাদের সঙ্গে নেই। আছে শুধু তাদের নেতাকর্মী। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে। আগামী বছরের জানুয়ারিতে তাদের সঙ্গে আমাদের ফাইনাল খেলা হবে।’
তিনি আরও বলেন, যে রাজনীতি করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না, শেখ হাসিনার কর্মী হতে পারে না। তাই দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে।










