করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এছাড়া একই সময়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লাখ মানুষ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২৬ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৩০ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২০০ জন মারা গেছেন জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৭ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে।
কয়েকদিন ধরে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ ধারা এখনো অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৫৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ১৯১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২৪ হাজার ২৩২ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে।











