মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ৯ দফা আলোচনার মাধ্যমে ২০২০ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বর্তমান উপ-প্রধানমন্ত্রী ও তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার ‘দোহা শান্তি চুক্তিতে’ স্বাক্ষর করেন। এ শান্তি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘তালেবান প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সংযুক্ত থাকার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ এ শান্তি চুক্তির ৩য় বার্ষিকী উপলক্ষে একটি জন-সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ বেআইনিভাবে জব্দ ও তালেবান প্রশাসনের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে জড়িত হওয়ার অনুমতি না দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
আফগানিস্তানের খনি ও জ্বালানী মন্ত্রী মাওলানা শাহাবুদ্দীন দেলাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দোহা চুক্তি ভঙ্গের অভিযোগ করেন।
তিনি বলেন, “আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে আফগানিস্তানের রাজনৈতিক সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।”
তিনি আরো বলেন, তালেবান সরকার দোহা শান্তি চুক্তির সমস্ত বিষয় বাস্তবায়িত করেছে তাই মার্কিন যুক্তরাষ্ট্রেরও উচিত প্রতিশ্রুতি রক্ষা করা।
সূত্র: কেপি











