রাশিয়া বলেছে, ইউক্রেন যুদ্ধে আমেরিকার হাত সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে বলে চীন পরোক্ষভাবে আমেরিকার হাত থাকার যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে মস্কো এ মন্তব্য করেছে।
মঙ্গলবার (৭ মার্চ) চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেন, ইউক্রেন সংকটকে আরও বিস্তৃত ও সম্প্রসারিত করার জন্য একটি অদৃশ্য হাত কাজ করছে বলে মনে হচ্ছে। ওই অদৃশ্য হাত নিজের সুনির্দিষ্ট ভূরাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে।
বেইজিং-এ চীনা পার্লামেন্টারি বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে কিন গ্যাং এসব কথা বলেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চীনা পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের একাংশের সঙ্গে দ্বিমত পোষণ করেন।
তিনি বলেন, আমি আমার চীনা বন্ধুদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারছি না। এটি একটি কৌতুক। আর আপনি জানেন যে কোনটি কৌতুক। এটি কোনও অদৃশ্য হাত নয় বরং এটি আমেরিকার হাত, এটি ওয়াশিংটনের হাত।
তিনি আরও বলেন, এই যুদ্ধের ইতি হোক তা ওয়াশিংটন চায় না বরং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তার সবকিছুই ওয়াশিংটন করছে। আর এটিই হচ্ছে সেই দৃশ্যমান হাত।
সূত্র: পার্সটুডে











