দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) পরবর্তী মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ সিদ্ধান্তে আফগানিস্তানের পরিবর্তে বাংলাদেশ থেকে মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শ্রীলংকা থেকে নিযুক্ত মহাসচিব ইসালা রুয়ান ভিরাকুনের মেয়াদ শেষ হয়েছে। শ্রীলঙ্কার পর আফগানিস্তান থেকে কারও মহাসচিবের দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু দেশটিতে বর্তমানে ক্ষমতায় থাকা তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ। ফলে ২০২১ সালের পর থেকে আফগানিস্তানকে সার্কের কোনও সভায় ডাকা হচ্ছে না।
অন্যদিকে সার্ক সংস্থাটি আফগানিস্তানকে আসন দেওয়ার পরিবর্তে বাংলাদেশ থেকে কূটনীতিক গোলাম সারওয়ারকে নতুন মহাসচিব করার ঘোষণা দিয়েছে। তিনি পূর্বে কাঠমান্ডুতে বাংলাদেশি দূতাবাসের দায়িত্ব পালন করেছেন। সার্কের নতুন মহাসচিব খুব শীঘ্রই পাকিস্তানসহ সব সদস্য দেশ ভ্রমণ করবেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্য রাষ্ট্রগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সার্কের সচিবালয় প্রতিষ্ঠার পর প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের আবুল আহসানকে।
সূত্র: কেপি











