মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি মঠে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ২৮ বেসামরিক।
আজ সোমবার (১৩ মার্চ) দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠীর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা। সম্প্রতি সময়ে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে সংঘর্ষ বেড়েছে।
বিবিসি বলছে, মিয়ানমারের রাজধানী নেপিডো, শান রাজ্যে ও থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র লড়াই চলছে।
কেএনডিএফ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মিয়ানমারের সামরিক বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী গ্রামটিতে প্রবেশ করে এবং মঠে লুকিয়ে থাকা গ্রামবাসীদের খুঁজে বের করে। পরে তাদের হত্যা করে।
সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সম্প্রতি কেএনডিএফ সঙ্গে সংযুক্ত হওয়া সংখ্যালঘুগোষ্ঠী যারা কিনা জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে, তারা ২১টি মরদেহ শনাক্ত করেছে। মরদেহগুলো মঠের ভেতরে স্তূপ করে রাখা হয়। এ ছাড়া ভিডিওতে মরদেহগুলোতে একাধিক গুলির চিহ্ন দেখা গিয়েছে। এমনকি, মঠের দেয়ালেও গুলি দেখা যায়।
সূত্র : বিবিসি











