spot_img
spot_img

বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে আমেরিকাসহ তিন দেশ: চীন

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন চুক্তি ঘোষণা দেওয়ার পর অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকাকে নিয়ে গঠিত অকাস জোটকে সতর্ক করেছে চীন।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) বেইজিং বলেছে, অকাসের মিত্ররা ভুল ও বিপজ্জনক পথে পা বাড়াচ্ছে।

গত সোমবার আমেরিকার সানডিয়াগোর নৌঘাঁটিতে তিন দেশের নেতারা বৈঠকের পর অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেওয়ার চুক্তিটি চূড়ান্ত করেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার সর্বশেষ যৌথ বিবৃতি প্রমাণ করে, দেশ তিনটি তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে আরও ভুল ও বিপজ্জনক পথে হাঁটছে।

পশ্চিমা মিত্ররা অস্ত্র প্রতিযোগিতা উসকে দিচ্ছে মন্তব্য করে ওয়াং বলেন, তিন দেশের এ নিরাপত্তা চুক্তি স্নায়ুযুদ্ধের মানসিকতারই প্রকাশ। এ সাবমেরিন বিক্রি পারমাণবিক অস্ত্রবিস্তারের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এটি পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

উল্লেখ্য, ২০২১ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি বিশেষ কৌশলগত নিরাপত্তা চুক্তি হিসেবে অকাস জোটের ঘোষণা দেওয়া হয়। ওই সময় চুক্তির অধীনে সাবমেরিন ক্রয়সহ অন্যান্য বিষয়েও সহযোগিতার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ