রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং পাশ্চাত্যের সঙ্গে চলমান যে সংঘর্ষ চলছে তা রাশিয়ার অস্তিত্বের সংঘাত; এটি কোনও রাজনৈতিক খেলা নয়।
মঙ্গলবার (১৪ মার্চ) রাশিয়ার বোরাতিয়া প্রজাতন্ত্রের উলান উদে সামরিক কারখানার বিমান নির্মাণকারী শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের কথিত পাশ্চাত্যের মিত্ররা প্রকৃতপক্ষে আমাদের প্রতিপক্ষ, আজকের দিনে সে কথা আমরা প্রকাশ্যে বলতে পারি। বিষয়টি সম্পূর্ণভাবে তাদের ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে তৈরি হয়েছে। পাশ্চাত্যের এ অবস্থান মস্কোর জন্য একদম আলাদা কিছু। রাশিয়াকে অস্থিতিশীল করা এবং ভেঙে টুকরো টুকরো করার লক্ষ্য বহুদিন আগেই ঠিক করেছে পাশ্চাত্যের এ দেশগুলো। ফলে চলমান এ সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, শান্তি এবং স্থিতিশীলতা আনতে হলে অবশ্যই আমাদেরকে সামাজিক সংহতি ও ঐক্য গড়ে তুলতে হবে। যখন শত্রুতা দেখবে আমাদের সমাজ শক্তিশালী, অভ্যন্তরীণভাবে শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ তখন নিঃসন্দেহে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তা সফল হবে এবং বিজয় আসবে।
সূত্র: পার্সটুডে











