সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধরের ঘটনায় মর্মাহত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সুপ্রিম কোর্ট পবিত্র জায়গা। এখানে অপ্রীতিকর কিছু ঘটবে তা কেউ আশা করেনি। এরপরও ঘটে গেছে। সেজন্য দুঃখপ্রকাশ করছি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ল’ রিপোর্টার্স ফোরামে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
বধবার (১৫ মার্চ) সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় সমালোচনার মুখে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট ল’ রিপোর্টার্স ফোরামে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুর অর রশিদ। এসময় হারুন ল’ রিপোটার্স ফোরামের নেতাদের সঙ্গে কথা বলেন।
পরে আনুষ্ঠানিক বক্তব্যে ডিবি প্রধান বলেন, গতকালের ঘটনায় আমরা দুঃখিত। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা পুরোপুরি অনিচ্ছাকৃত। ভবিষ্যতে এধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়টে সেজন্য পুলিশ সচেষ্ট থাকবে বলে জানান হারুন।
তার বক্তব্যের পর ডিএমপি কমিশনার ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সঙ্গে কথা বলেন। তিনি সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়টি দেখা হবে বলে জানান।











