spot_img
spot_img

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের একটি শীর্ষ বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে, একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কি.মি (৬২০ মাইল) দূরে জাপানের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহে পিয়ংইয়ং-এর এটি চতুর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। যদিও বাকিগুলো ছিল স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র।

কোরীয় উপদ্বীপের চারপাশে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান নৌ মহড়ার মধ্যেই এমন কাণ্ড ঘটালো পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, এ ধরনের মহড়াকে উস্কানি হিসেবে দেখছে তারা।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানায়, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পিয়ংইয়ং থেকে স্থানীয় সময় সকাল ৭টা ১০মিনিটে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটিকে দূরপাল্লার বলে নিশ্চিত করেছে। তারা বলেছে, এটি প্রায় ৭০ মিনিটে ৬ হাজার কিলোমিটারের বেশি উড়েছিল।

বৃহস্পতিবারের উৎক্ষেপণের পর, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার দেশের সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যৌথ মার্কিন মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ