আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসহ কিছু গোষ্ঠী ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বর্তমান সরকারকে নারী অধিকার ও শিক্ষার শত্রু হিসাবে চিত্রিত করার অপচেষ্টা করছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রণালয়) থেকে বলা হয়েছে, শরিয়া আইন অনুযায়ী নারীর সকল ধরনের অধিকার প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া।
শনিবার (১৮ মার্চ) আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমির সাথে এক বৈঠকে এ কথা জানান দাওয়াত-ওয়াল-ইরশাদের প্রধান মুহাম্মাদ খালিদ হানাফি।
দাওয়াত-ওয়াল-ইরশাদ মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মুহাজির বলেন, কিছু গোষ্ঠী বিভিন্নভাবে আমাদেরকে নারী অধিকার ও শিক্ষার শত্রু হিসেবে চিত্রিত করার চেষ্টা চালাচ্ছে। তাদের মনে রাখা উচিত যে, ইসলামই একমাত্র ধর্ম যা স্পষ্টভাবে নারীদের অধিকারের কথা উল্লেখ করেছে। আমরা শরিয়া আইন অনুযায়ী নারীর সকল অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ বৈঠকে কাবুলে ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি বলেন, আফগান নারী অধিকারের প্রশ্নটি তাদের অভ্যন্তরীণ বিষয়। ইরান এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয়। তবে ইমারাতে ইসলামিয়ার উচিত এ সমস্যাটি যথাযথভাবে সমাধান করা।
উল্লেখ্য, এ বৈঠকে ইরান-আফগানিস্তানের সম্পর্ক উন্নয়ন ও ইরানে আফগান অভিবাসীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে।
সূত্র: তোলো নিউজ











