সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টে দাবি করা হয়েছে আফগানিস্তানের দায়েস গোষ্ঠী দূতাবাস, বাণিজ্য কেন্দ্র ও বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপের ভেন্যুতে হামলার পরিকল্পনা করছে। এছাড়াও দাবি করা হয়, আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর তা দায়েসের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাটিতে পরিণত হয়েছে। তবে এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান।
কাতারে তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান সোহাইল শাহীন তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ওয়াশিংটন পোস্ট থেকে প্রকাশিত প্রতিবেদনটি আফগানিস্তানের বর্তমান অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এসব প্রতিবেদনগুলো কাল্পনিক। প্রকৃত সত্য হচ্ছে, আফগানিস্তানে দায়েসের উল্লেখযোগ্য উপস্থিতি নেই। আফগানিস্তান থেকে দায়েসকে সম্পূর্ণ দমন করা হয়েছে”
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে দায়েসের দ্বারা পরিকল্পিত নয়টি হামলার বিষয়ে যুক্তরাষ্টের গোয়েন্দা কর্মকর্তারা অবগত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবেদনটি এমন একটি সময় প্রকাশ পেয়েছে যখন দায়েসের বিরুদ্ধে আফগানিস্তান জুড়ে বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালানো হয়েছে। এতে কয়েকজন শীর্ষস্থানীয় দায়েস সদস্যও নিহত হয়েছে।
সূত্র: তোলো নিউজ











