জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী স্মার্ট বাংলাদেশ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। স্মার্ট বাংলাদেশের চারটি মূল সোপান- স্মার্ট কমিউনিটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণে লায়ন্স ভূমিকা রাখতে পারে।
শনিবার (৬ মে) রাজধানীর বনানীস্থ এক হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর কনভেনশনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
ড. শিরীন শারমিন বলেন, এই কনভেনশন সদস্যদের মানবসেবায় আরও উদ্বুদ্ধ করবে। এর মাধ্যমে লায়ন্সের জনকল্যাণমূলক কার্যক্রম আরও প্রসারিত হবে। স্মার্ট সিটিজেন হিসেবে লায়ন্স সদস্যরা স্মার্ট বাংলাদেশ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।
তিনি আরও বলেন, নিজেদের সময়, অর্থ, শ্রম ও মেধা কাজে লাগিয়ে লায়ন্স সদস্যগণ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করে থাকেন। ২১০টি দেশের প্রতিনিধিত্বকারী সংগঠনটি দারিদ্রের দুষ্টচক্র হতে মুক্তি ও কল্যাণকর গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে চলেছে।











