স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ২০৩০ সালের আগেই দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারব।
বৃহস্পতিবার (১১ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘স্মার্ট বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা শীর্ষক’ উচ্চপর্যায়ের সভায় একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে সর্বজনীন করতে আমরা ইতোমধ্যে গ্যাস্ট্রোলিভার ইনস্টিাটউট, আই ইনস্টিাটউট, নিউরোসায়েন্স ইনস্টিাটউট, ইনটি, এনআইসিবিডি এবং ক্যানসার ইনস্টিাটউট ইত্যাদি স্থাপন করেছি। একই সঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন পাঁচটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট সেবা নিশ্চিত করতে বাংলাদেশে বিশ্বমানের ফার্মাসিটিক্যালস ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। যা আমাদের দেশের অভ্যন্তরের চাহিদা পূরণ করে বাইরেও ওষুধ রফতানি করতে পারছে। দেশের মেডিকেল কলেজ ও বিশ্বদ্যিালয়গুলো শুধুমাত্র চিকিৎসা সেবাই দিচ্ছে না, একই সঙ্গে সেগুলো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ডাক্তারদের শিক্ষা ও প্রশিক্ষণ দিচ্ছে।
তিনি আরও বলেন, আমরা হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল নিয়োগ দিতে পেরেছি। একটা উল্লেখযোগ্য দিক হলো, সরকার সব ধরনের চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করছে। যেটি সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।











