আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ এবং জাতীয় নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে।
রোববার (১৪ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের দোসররা নাকি ঝড় সৃষ্টি করবে আর সেই ঝড়ে নাকি সরকারের পতন হবে। বাস্তবতা হচ্ছে বিএনপির ঝড় তোলার কোনো সামর্থ্য নেই, তাই গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতা ঢাকতে চাচ্ছে।
তিনি বলেন, পৃথিবীর কোথাও গণআন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকলে কখনও তা সফল হয়নি। বিদেশি দূতাবাসগুলোতে নালিশ করে দেশকে ছোট করছে।
ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপির) সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই আওয়ামী লীগ। শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। তারা হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবে না, নির্বাচনে আসবে না এটা তাদের ইচ্ছা; তবে নির্বাচন হতে দেবে না এটা সম্ভব নয়। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র রুখে দেবে আওয়ামী লীগ। এ কথা জানিয়ে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে।
তিনি আরও বলেন, তারা যতই হুমকি দিক আওয়ামী লীগ তাদের কর্মসূচিতে অবিচল থাকবে। বিএনপি ভেবে পাচ্ছে না, কী কর্মসূচি দেবে। বিএনপি কূটকৌশল নিয়ে এগোচ্ছে তবে দেশের শান্তিরক্ষায় তাদের কূটকৌশল প্রতিরোধ করা হবে। কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয় আওয়ামী লীগ, যে টোকা দিলেই পড়ে যাবে।











