ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের কোনো পরিকল্প নেই।
রোববার (১৪ মে) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবার জার্মানি সফরে গিয়ে দেশটির চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বৈঠকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কিয়েভকে আরও কামান, গোলাবারুদ, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ লিওপার্ড ট্যাংক, ভিন্ন মডেলের সাঁজোয়াযান ও ভারী অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন চ্যান্সেলর শলজ।
এ সময় জেলেনস্কি বলেন, আমরা রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে যাচ্ছি না। বরং আমরা অবৈধভাবে দখল করা অঞ্চলগুলো তাদের দখলমুক্ত করতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছি।
জেলেনস্কি ইউক্রেন ছেড়ে আসা তার দেশের লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়ায় জার্মানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বার্লিনের কাছ থেকে সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়ে চ্যান্সেলর শলজকে ধন্যবাদ জানান।
জেলেনস্কির জার্মানি সফরের আগেই কিয়েভকে ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দেয় বার্লিন।
গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবার জার্মানি সফরে প্রেসিডেন্ট জেলেনস্কি। এর আগে, রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি ও ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসকোর সঙ্গে সাক্ষাত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের দেয়া অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহৃত হবে না। কিন্তু বাস্তবে দেখা গেলো, জেলেনস্কি রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিকল্পনা করেছিলেন।
সূত্র: বিবিসি











