তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত।
বুধবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, আমুর বক্তব্য নিয়ে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলেও হয়নি।
তিনি বলেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা যদি সংলাপে ডাকে আমরা যাবো।
এর আগে, মঙ্গলবার (৬ জুন) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।










