বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রচণ্ড খরতাপের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে।
বুধবার (৭ জুন) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রার্থনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কিছুদিন আগেও সরকারের এমপি-মন্ত্রীরা বলেছেন, আমরা এমন বিদ্যুৎ উৎপাদন করেছি যে এখন ফেরি করে বিদ্যুৎ বিক্রি করতে হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে এমনকি ঢাকা শহরেও ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রচণ্ড খরতাপে বিদ্যুৎ সংকটের কারণে সারাদেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। অথচ বিদ্যুৎ নিয়ে এ ধরনের অসভ্য মিথ্যাচারকারীদের এমপি-মন্ত্রী বানানো হয়েছে।
সরকারের উন্নয়নের সমালোচনা করে রিজভী বলেন, এখন মানুষ বলে আওয়ামী লীগের উন্নতি সন্ধ্যা বেলায় মোমবাতি। আপনি প্রধানমন্ত্রী পদ্মাসেতু দেখালেন, উড়াল সেতু দেখালেন। এখন আপনার মুলিবাঁশের উন্নয়ন এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে। কারণ আপনার উন্নয়নের গাঁথুনিতে ছিল রডের পরিবর্তে বাঁশ।
তিনি আরও বলেন, সরকার নিজের আত্মীয়-স্বজনকে কুইকরেন্টাল দিয়ে বিশাল অর্থবিত্তের মালিক বানিয়েছে। কানাডায় বেগম পাড়া বানিয়েছে সরকারের এমপি-মন্ত্রীরা। লুটপাট করে শুধু নিজেদের পকেট ভারী করেছে তারা।









