পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল সালাম হানাফী।
কাতারের আফগান দূতাবাসের প্রধান ড. মুহাম্মাদ নাঈমের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাওলানা হানাফী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যারা ইমারাতে ইসলামীয়ার প্রতিনিধিত্ব করছেন তাদের উচিত ইসলামী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরির চেষ্টা করা। পাশাপাশি কাতারের জনগণের কাছে ইসলামী শাসন ব্যবস্থার একটি বাস্তব চিত্র উপস্থাপন করা।
এছাড়াও তিনি দূতাবাস প্রধানকে কাতারে বসবাসরত আফগানদের সুবিধার্থে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন।
এদিকে আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের বিশেষ পরিদর্শক ফেরিদুন সিনিরলিলিওগ্লু দেশটির নিরাপত্তা ব্যবস্থা, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করে বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চায়।’
তার এ আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানী।
তিনি বলেন, ইমারাতে ইসলামীয়া মাদক নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও তার দায়িত্ব পালন করেছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত তাদের দায়িত্ব পালন করা।
এছাড়াও তিনি আফগানিস্তানে দায়েসের প্রকাশ্য উপস্থিতি নেই বলে জানিয়েছেন।
অন্যদিকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি আফগানিস্তান বিষয়ক জাতিসংঘের বিশেষ পরিদর্শক ফেরিদুন সিনিরলিলিওগ্লুর সাথে এক বৈঠকে বলেন, “বিদেশি সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যাটি হলো তারা এখানকার সংবেদনশীলতা বুঝতে পারদর্শী নয়। কিন্তু আপনার বিস্তৃত অভিজ্ঞতার কারণে আমরা আশা করছি যে আপনি বর্তমান সরকারের অর্জন প্রতিফলনের মাধ্যমে আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় কে কাছাকাছি আনতে সক্ষম হবেন।”
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











