আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক আফগানিস্তানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী না থাকার বক্তব্যে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার।
প্রতিক্রিয়া তালেবান সরকার বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য প্রমাণ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটি কর্তৃক প্রকাশিত সন্ত্রাসবাদ শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই। অথচ জাতিসংঘের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে, আফগানিস্তানে ২০টিরও বেশি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে!
তালেবান সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, বাস্তবতা উপলব্ধি করাই আমেরিকার প্রেসিডেন্টকে আমরা সাধুবাদ জানাই। এমন পরিস্থিতিতে তার বাস্তবতা উপলব্ধি ও বক্তব্য আফগানিস্তানের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোর বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার হতে না দেওয়ার যে অঙ্গীকার করেছিলাম সেই অঙ্গীকারে এখনো অটল আছি। এ অঙ্গীকার রক্ষায় আমেরিকা বা অন্য কোনো দেশের সহায়তারও প্রয়োজন নেই আমাদের।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ জুন) ছাত্র ঋণ সহায়তা স্থগিত করার ব্যাপারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ভুল সিদ্ধান্ত ছিলো না। সকল তথ্য-উপাত্ত ও বর্তমান পরিস্থিতি এদিকেই ইঙ্গিত করে। আপনাদের কি মনে নেই সেই সময় আমি কী বলেছিলাম? আমি বলেছিলাম, আল কায়েদা আফগানিস্তানে আর তাদের কার্যক্রম চালাবে না। স্বয়ং তালেবানই এবিষয়ে আমাদের সহায়তা করবে।
সূত্র: আল ইমারাহ ও ডেইলি সাবাহ











