কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ঘটলেও মানুষের প্রয়োজনীয়তা বিলীন হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, আইটি খাতে অগ্রগতির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার। কৃত্রিম বুদ্ধিমত্তা আজ বিশ্বব্যাপী অনেক আলোচিত একটি বিষয় এবং বাস্তবতা। আমাদের নিজেদের জীবনে আজ তথ্যপ্রযুক্তির প্রভাব দেখতে পাচ্ছি, সেটা গত ১০ বছর আগেও এতটা ছিল না।
শনিবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বিপিও সামিট ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষই তৈরি করেছে উল্লেখ করে শিরীন শারমিন বলেন, কৃত্রিম বুদ্ধির পেছনে একজন মানুষের বুদ্ধিই কাজ করছে। কাজেই মানুষের প্রয়োজনীয়তা কোনোদিনই বিলীন হয়ে যাবে না।
তবে বর্তমানে প্রযুক্তি যে অবস্থায় আছে, সেটি থেকে কারো বিচ্ছিন্ন থাকার উপায় নেই বলেও জানান শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে। আগামী দিনেও করবে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের কর্মসংস্থান কমে যাওয়ার শঙ্কার কথা বলা হচ্ছে। কিন্তু এটি যে কাজগুলো করবে, সেই কাজগুলোতে মানবসম্পদকেও প্রশিক্ষণ দিতে হবে।
স্পিকার বলেন, কৃষিক্ষেত্রে এখন ধান কাটার জন্য লোক পাওয়া যায় না। সেই জায়গায় প্রযুক্তি চলে এসেছে। মেশিনের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের প্রযুক্তির ওপর নির্ভর করতে হচ্ছে।











