ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে আফগানিস্তান এবং পাকিস্তানে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র আফগানিস্তানেই নিহত হয়েছে কমপক্ষে ৩১ জন। এছাড়া দেশটিতে আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পাকিস্তানে নিহত হয়েছে আরও ১৩ জন। এছাড়াও দুই দেশে বন্যায় বহু মানুষ আহত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট প্রবল বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি রোববার বলেছেন, ভারী বৃষ্টির পর গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন।
আল জাজিরা বলছে, মৌসুমী বৃষ্টির জেরে রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শফিউল্লাহ রহিমি বলেন, নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। বন্যায় প্রায় আড়াইশ গবাদিপশুও মারা গেছে বলে জানান রহিমি।











