জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী (এমইটিআই) নিশিমুরা ইয়াসুতোশি বলেন, তার দেশ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চআয়ের দেশে পরিণত করার প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা করবে।
সোমবার (২৪ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলমের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন নিশিমুরা ইয়াসুতোশি। এর আগে ঢাকার মেট্রোরেলে চড়েন জাপানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গত রোববার (২৩ জুলাই) জাপানের মন্ত্রী দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। এই প্রথম জাপানের কোনো অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।
মন্ত্রী নিশিমুরা চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথভাবে ঘোষিত কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত অংশীদারিত্ব’ উল্লেখ করেন।
জাপানের সহযোগিতায় বাস্তবায়িত মেগাপ্রকল্পে সন্তোষ প্রকাশ করেন নিশিমুরা ইয়াসুতোশি। তিনি বাংলাদেশের তরুণ ও উদ্যমী জনসংখ্যার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে কৌশলগত অবস্থানের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চআয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











