ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশপথে আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্য মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা ফখরুল বলেন, ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো।
এদিন দুপুর ২টা ১০ মিনিটের দিকে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। এর মধ্যেই বক্তব্য ও কর্মসূচি চালিয়ে যান কেন্দ্রীয় নেতারা। প্রায় আধা ঘণ্টা তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন নেতাকর্মীরা।










