spot_img

অবস্থান কর্মসূচীকেকেন্দ্র করে রণক্ষেত্র, আহত গয়েশ্বর, অসুস্থ আমান

রাজধানীর চারটি প্রবেশমুখেই বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইখালে পুলিশের বাধার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। এসময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

এদিকে ঢাকার প্রবেশমুখ গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করে পুলিশ। গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে পুলিশ প্রায় ৩০ মিনিট ধরে আমানউল্লাহ আমানকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের টানা-হেঁচড়ার এক পর্যায়ে আমান অসুস্থ হয়ে সড়কে পড়ে যান। তখন তাকে ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।

উত্তরায় জড়ো হওয়া নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ। উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর মাতুয়াইলে সড়কে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।এসময় পুলিশ লাঠিচার্জ ও কাদানে গ্যাস ছুড়ে।

এছাড়াও নয়াবাজার, গাবতলী, উত্তরা এলাকার বিএনপির অবস্থান কর্মসূচির বিভিন্ন স্পট থেকে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সরকার হটানোর এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গতকাল নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

বিএনপির কর্মসূচী ঘোষণার পর একই দিন পাল্টা কর্মসূচী ঘোষণা করে আওয়ামী লীগ। পরবর্তীতে কোন দলকেই রাস্তায় অবস্থান কর্মসূচী পালন করতে দেওয়া হবে না বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

ডিএমপির ঘোষণার পর আওয়ামী লীগ কর্মসূচী স্থগিত করলেও বিএনপি কর্মসূচী পালনে মাঠে নামে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ