বিরোধী দলগুলোর সাম্প্রতিক আন্দোলন দেখে প্রশাসনের কর্মকর্তাদের ‘ভয়’ না পাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘একটু আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী প্রশাসনের দুটি প্রতিষ্ঠান ও ২৮ কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, একটা কথা মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা এখনও কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য এই মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসিখুসি দেখতে চাই। যে কেনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি।











