চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গুগলি বুঝতে পারেনি, কোনো দিক দিয়ে বল যাচ্ছে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত।
সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমাদের ছোট্ট একটি কর্মসূচি ‘প্রবেশমুখে অবস্থা কর্মসূচি’ তে সাঁজোয়া যান নিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের এত ভয়।
তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ করেছে, একজন মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত করেছে। পরে ডিবি অফিসে নাটক সাজিয়েছে। ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে-যা খুবই বড় প্রতারণা।
সরকার পক্ষে আবেদ আলী নির্বাচন পর্যবেক্ষক ভাড়া করে এনেছে অভিযোগ করে ফখরুল বলেন, ওই ভাড়া করা লোকেরা বলে, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। বাহ, তুমি কে ভাই এসব কথা বলার? তুমি ভাড়া করা।
তিনি বলেন, আবারো বাড়ি বাড়ি গ্রেফতার শুরু করেছে, তাদের বলতে চাই, গত ১৫ বছর কম নিপীড়ন করেছেন? দমন করতে পেরেছেন? অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পালানোর সময় পাবেন না।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী না কি বলেছেন আপনাদের ভয় না পেতে? অন্যায় না করলে ভয় কীসের? আমরা কর্মকর্তাদের বলতে চাই, জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না, গ্রেফতার বন্ধ করুন।










