বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ইস্যুতে আপিল শুনানি হবে আগামী ১০ আগস্ট
বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য আজকের কার্যতালিকায় ছিল।
শুরুতেই বিষয়টি মেনশন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর। আদালতে তিনি বলেন, মামলা কার্যতালিকার মধ্যেই ৪ আগস্ট জামায়াত সমাবেশ করলে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন। পরে আদালত শুনানির এদিন ধার্য করেন।
নিবন্ধন নিয়ে মামলা চলাকালে জামায়াতে ইসলামী যাতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।
গত ২৬ জুন আপিল বিভাগের চেম্বার আদালতে তরিকত ফেডারেশনের মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে এ আবেদন করেন ব্যারিস্টার তানিয়া আমীর।
এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননারও অভিযোগ আনা হয়েছে দলটির বিরুদ্ধে। রেজাউল হক চাঁদপুরীর হয়ে এ অভিযোগও দাখিল করেন ব্যারিস্টার তানিয়া আমীর।










