খেলতে চাইলে ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগকে রাস্তায় আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন না করে ক্ষমতায় যেতে পারলে কী আনন্দ, তাই না! খুব তো বলেছিলা খেলতে চাও, তাহলে ক্ষমতা ছেড়ে রাস্তায় আসো।
শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ফখরুল এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা- এই তিনটি ইউনিট এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির নয়, এটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ভারত কী বললো এতে আমরা মাথা ঘামাবো না। আমরা শুনবো জনগণ কী বলছে।
মরণপণ যুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, আওয়ামী লীগকে চেয়ারে বসতে দেওয়া যাবে না। এবার শেখ হাসিনার অধীন নির্বাচন করতে দেওয়া হবে না।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগকে বিদায় নিতেই হবে। মামলা-হামলা করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। এই সরকারের পতন ঘটানো হবে তীব্র আন্দোলনের মাধ্যমে। তারেক রহমান গণতান্ত্রিক মানুষের ভরসার নাম।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতি সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান প্রমুখ।










