spot_img
spot_img

আমেরিকার সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিল তালেবান সরকার

পরাজিত হয়ে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান সরকারের সাথে বৈঠক করেছে আমেরিকা। গত ৩০ জুলাই ও ৩১ জুলাই কাতারের রাজধানী দোহায় ২দিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আফগান সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী। আমেরিকার পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আফগান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট।

বৈঠকে দুই পক্ষই নিজেদের বেশ-কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। আমেরিকার পক্ষ থেকে নিজেদের নাগরিকদের মুক্তি ও নারী শিক্ষাসহ বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। আফগান সরকারের পক্ষ থেকে জব্দ রিজার্ভের অর্থ ফেরত দেওয়া ও তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জোর দেওয়া হয়।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে আফগানিস্তানে মানবিক সংকট, আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর উপযুক্ত পরিবেশ না পাওয়া, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ, মিডিয়ার উপর ক্র‍্যাকডাউন, নারী শিক্ষা ও নারী অধিকার, জনগণের মতামতকে সম্মান না করা, মাদকদ্রব্য উৎপাদন ও পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। বৈঠকের বিষয়ে মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আফগান ভূখণ্ড আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার হতে না দেওয়ার প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় বৈঠকে আমেরিকার পক্ষ থেকে তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করা হয়। এছাড়াও মূল্যস্ফীতি হ্রাস, সন্ত্রাসবাদী হামলা প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনায় ও অর্থনৈতিক অগ্রগতিতে বিস্ময় প্রকাশ করা হয়। একই সাথে পণ্য আমদানি-রপ্তানিতে সাফল্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমেরিকা আফগানিস্তানের সাথে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী বলে জানানো হয়।

তালেবানের হাতে বন্দী থাকা মার্কিন নাগরিকদের মুক্তি দিতে বৈঠকে জোর দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আমেরিকা। এ বিষয়ে বলা হয়, তালেবানের নীতি ও আমেরিকানদের বন্দী করে রাখা তাদের সাথে ইতিবাচক সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় বাঁধা। তাই তাদের নীতি পরিবর্তন করতে হবে। অবিলম্বে মার্কিন বন্দীদের নি:শর্ত মুক্তি দিতে হবে।

অন্যদিকে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, আফগান ভূখণ্ডকে কারো বিরুদ্ধে ব্যবহার হতে না দিয়ে প্রতিশ্রুতি রক্ষায় আমরা আমাদের দৃঢ়তা দেখিয়েছি। এখন ব্ল্যাকলিস্ট থেকে তালেবান নেতাদের নাম, আফগানিস্তান ও তালেবান নেতাদের উপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রিজার্ভের অর্থ ফেরত দিয়ে আমেরিকাকে আস্থা অর্জন করতে হবে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহ্‌হার বালখি বৈঠকের আলোচনার বিষয়ে বলেন, আমেরিকার পক্ষ থেকে এখনো তালেবান নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ব্ল্যাকলিস্টে রাখা হয়েছে। যতক্ষণ ব্ল্যাকলিস্ট থেকে আমাদের নেতাদের বাদ না দেওয়া হবে, ততক্ষণ তাদের উপর আস্থা তৈরি হওয়া খুবই কঠিন। এছাড়া বৈদেশিক সাহায্য ও ঋণ বিহীন অর্থনীতি সাজাতে জব্দকৃত আফগান রিজার্ভ মুক্ত করে দেওয়াও গুরুত্বপূর্ণ। তাই আমেরিকাকে তাদের শর্ত পূরণে আগে আস্থা অর্জন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ