সাংবিধানিক ধারা বজায় রেখেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান মেনে যে কোন শর্ত আওয়ামী লীগ মেনে নেবে।
তিনি বলেন, বিএনপি সংবিধানকে পাকিস্তানি কায়দা নিয়ে যেতে চায়। তারা সংবিধান মেনে নির্বাচন আসতে চায় না। তাদেরকে সংবিধান মেনেই নির্বাচনে আসতে হবে।
শনিবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি, শেখ হাসিনার বিরুদ্ধে নয়; আন্দোলন করছেন দেশের বিরুদ্ধে। নির্বাচন ছাড়াই যারা ক্ষমতায় এসেছিল তারই এখন নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।
পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়- তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে খালেদা জিয়ার এমন বক্তব্য টেনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য কোন কোন শিশু এবং পাগলকে বিএনপি ঠিক করেছে তাও জানতে চেয়েছেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।










