সারাদেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত মানুষের পাশে দাড়াতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আজ সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে হেফাজত আমীর বলেন, সারাদেশের বিভিন্ন স্থানে বন্যা, বিশেষ করে চট্রগ্রাম ও নদীর তীরে অবস্থিত উপজেলা গুলোতে বন্যা আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। তাছাড়া বন্যার পানিতে ভেসে ধংশ হয়ে গেছে গুরুত্বপূর্ণ অনেক অবকাঠামাে। নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাঠের ফসল প্রায় সবটাই প্লাবনে নষ্ট হয়ে গেছে। অনেক গবাদিপশু ইতােমধ্যেই মারা গেছে। মানুষের জীবন হানির ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এমনকি শুকনো জায়গা না থাকায় মানুষের লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।এখানো অনেক মানুষ গৃহহীন। বন্যার্ত অসহায় মানুষ বাড়ীর ছাদে, উঁচু সড়কে, খােলা আকাশের নীচে মানবেতর জীবন-যাপন করছে।
তিনি বলেন, চারদিকে পানি অথচ বিশুদ্ধ খাবার পানির অভাব। সারাদেশে ডেঙ্গু আতঙ্কের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশয়, ইত্যাদি পানিবাহিত রােগ। এক কথায় আক্রান্ত অসহায় মানুষগুলাে এখন চোখে অন্ধকার দেখছে । এমতাবস্থায় ত্রাণ তৎপরতা ও সাহায্য-সহযোগিতা আরো জোরদার করা সময়ের দাবি। স্থানীয় প্রশাসন, ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলাে খাদ্য-বস্ত্রের যতটুকু যােগান দিতে পারছে তা প্রয়ােজনের তুলনায় অপ্রতুল। অবিলম্বে শুকনো খাদ্য, বিশুদ্ধ পানি, ত্রিপল,ডেউটিন ,পাকাখুটি, নগদ অর্থ এবং জরুরী চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন হবে। সুতরাং এই ব্যাপারে জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা বৃদ্ধির প্রয়ােজনিয় ব্যবস্থা গ্রহণে কল্যাণকামী দেশবাসী, তৌহিদি জনতা ও সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে বিভিন্ন সাহায্য সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরােধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, পরিশেষে শাসক ও শাসিত সবাইকে স্মরণ করে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামীন তার কালাম পাকে ঘোষণা করেছেন যে মানুষের কৃতকর্মের কারণেই জলে স্থলে অশান্তির সৃষ্টি হয়। সমষ্টিগত অপরাধের কারণেই প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। সমষ্টিগত অপরাধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলুম এবং বে’ইনসাফি যা বন্ধ না হলে প্রকৃতিও মানুষের উপর ইনসাফ করবে না। আসুন শাসক এবং শাসিত আমরা সকলেই নিজ নিজ অপরাধ ও ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে জুলুম ও বে’ইনসাফি থেকে ফিরে আসি এবং ধর্ম দেশ ও জাতির কল্যাণে আল্লাহর সাহায্য কামনা করি।











