বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।
আজ সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে দলের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম শোক প্রকাশ করেন।
চরমোনাই পীর বলেন, হাদীসে একজন আলেমের মৃত্যুকে গোটা পৃথিবীর মৃত্যু আখ্যা দেওয়া হয়েছে। তাই আমি মনে করি, সাঈদী সাহেবের মৃত্যুতে পৃথিবী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে কুরআনের আবেদনকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং রাষ্ট্র ও সমাজে ইসলামের রাজনৈতিক উত্থানকে সমুন্নত করতে তিনি অসামান্য অবদান রেখে গেছেন৷
মুফতী রেজাউল করীম তার শোক সন্তপ্ত পরিবার, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মাগফিরাত কামনা করেন।










