ভারতে নিরীহও নিরাপরাধ মুসলমানদের হত্যা, বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলায় নিহত মাদরাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীমের খুনীদের বিচার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১৯ আগস্ট রাজধানীতে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর কেরাণীগঞ্জ মডেল থানার আটিবাজার সুচনা কনভেনশন সেন্টারে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই ঘোষণা দেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকারের ঘোষণা দিতে হবে। জনমতের প্রতি তোয়াক্কা না করে ক্ষমতায় জোরে থাকার চেষ্টা করলে সরকারের জন্য সুখকর হবে না। দেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন অতিষ্ঠ প্রায়, এদিকে সরকারের কোন নজর নেই। সরকার আছে শুধু কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করবে তা নিয়ে। এতে মানুষের জীবন গেলেও সরকারের কোন কিছু যায় আসে না। শেখ হাসিনার সরকার স্বাধীনতার ৫২ বছরের ইতিহাসকে কলঙ্কিত করেছে দিনের ভোট রাতে গ্রহণ করে।
তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার হত্যা করেছে। কথিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে’ চলমান রাজনৈতিক সঙ্কটকে আরো উস্কে দিয়েছে। দেশের নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন না করে দলীয়ভাবে বিজয়ী ঘোষণা দিলেই হয়, রাষ্ট্রের সম্পদ নষ্ট করার কী দরকার? আওয়ামী লীগ সরকার ক্ষমতাপ্রেমী।
তাই যে কোনভাবে তারা ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। সমাবেশ জিনজিরা ফেরীঘাট হওয়ার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি।
সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সুলতান আহমদ খান, আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া, অধ্যাপক ডা. কামরুজ্জামান, মাওলানা ইলিয়াস হোসাইন, মুফতী আল আমিন, যুবনেতা মিরাজুল ইসলাম, ছাত্রনেতা ইবরাহীম প্রমুখ।










