ঘুম থেকে জাগেন, নইলে বাংলাদেশকে ওরা ধর্ষণ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
তিনি বলেন, শেখ হাসিনার ওপর আল্লাহর রহমতের চাদর আছে। নির্বাচনের আগেই ওরা মরণ কামড় দেবে। বাংলাদেশের ওপর কামড় দেবে। ঘুম থেকে জাগেন, নইলে বাংলাদেশকে ওরা ধর্ষণ করবে। এটা হতে দেবেন কী দেবেন না এটা আপনাদের ইচ্ছা।
বৃহস্পতিবার বিকালে ফতুল্লা উপজেলা গেট ব্যাংকের মোড় কুতুবাইলের যুবলীগ নেতা আজমত আলীর উদ্যোগে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, শেখ হাসিনা মাত্র ৩১ বছর বয়সে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। ওরা কিন্তু ক্ষ্যান্ত হয়নি। জাতির জনকের কন্যাকে ২২ বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। নারায়ণগঞ্জে ২০০১ সালে বোম ব্লাস্ট হয়েছিল। তখন একটা কথাই বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। কারণ আমি মারা গেলে কিছু হবে না। শেখ হাসিনা না থাকলে মানুষের স্বপ্ন পূরণ হবে না।
তিনি বলেন, জাতির জনকের কন্যা বুধবার শোক দিবসের সভায় ভাষণ দিয়েছেন। ওই ভাষণ ফলো করলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের কৈশোর হারিয়ে গেছে। ওই দিন থেকে বাংলাদেশ পেছনে যেতে থাকে। আমাদের রাজনীতিতে আসতে হয় গণতন্ত্রের জন্য, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।
তিনি আরও বলেন, ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছিল আমাদের স্বপ্নকে। আজ এখানে দাঁড়িয়ে আমরা যারা রাজনীতি করছি, আমাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটা অন্য রকম থাকতো।










