spot_img
spot_img

পর্যটকদের সুবিধার্থে এবার বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে সৌদি

পর্যটকদের সুবিধার্থে বাংলাদেশে কার্যালয় চালু করতে যাচ্ছে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ)। তারা আশা করছেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক সৌদি আরবে যাবেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসটিএ’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ এই তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সফরে বাংলাদেশি ওমরাহযাত্রীদের সুবিধার্থে অনলাইন প্ল্যাটফর্ম “নুসুক” চালু করেন সৌদি আরবের এই মন্ত্রী।

নুসুক চালু ছাড়াও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কয়েকটি চুক্তিও করে সৌদি আরব। সফরে অংশ নিয়েছিলেন এসটিএর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আল-দাব্বাগ।

অনলাইন প্ল্যাটফর্ম নুসুক হলো একটি ই-ভিসা এবং বুকিং প্ল্যাটফর্ম। যা হজ ও ওমরাহযাত্রীদের মক্কা, মদিনা এবং অন্যান্য শহরে ভ্রমণের যাত্রাপথ নির্দিষ্ট ও ভ্রমণের ব্যবস্থা করতে সহায়তা করবে।

বাংলাদেশিদের ওমরাহ যাত্রাকে সহজ করার জন্য নুসুক চালু করা হলেও সৌদি আরবের ইতিহাস-ঐতিহ্য এবং প্রাকৃতিক বিভিন্ন স্থান তারা ঘুরে দেখবেন বলে প্রত্যাশা করছে এসটিএ।

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ