spot_img

হরতাল-অবরোধে ঢাকায় এ পর্যন্ত ৬৪ বাসে অগ্নিসংযোগ-ভাঙচুর : ডিএমপি

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত রাজধানীতে ৬৪টি বাসে আগুন, ভাঙচুর ও নাশকতা করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার সময় দুইজন, গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার ও অগ্নি-সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ায় পুরস্কার প্রদানের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মহিদ উদ্দিন বলেন, ‘গত ২৯ অক্টোবর থেকে তিন দফা অবরোধ ও একদিন হরতাল পালিত হয়েছে। এ কর্মসূচিতে জনগণের স্বাভাবিক জনজীবনে বিঘ্নিত করার প্রয়াস করা হয়েছে। যেকোনো রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ডিএমপি ইতিবাচক। এসব কর্মসূচির নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। সেই কাজটি আমরা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘কিন্তু দুর্ভাগ্য যে, আমরা দেখেছি রাজনৈতিক কর্মসূচির নামে কিছু অনাকাঙ্ক্ষিত, অপ্রকাশিত ও অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে। এসময় দুষ্কৃতিকারীরা ঢাকা মহানগর এলাকায় ৬৪টি বাসে আগুন দিয়েছে। দাহ্য পদার্থ ব্যবহার করে দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিয়েছে। এতে করে দ্রুত করে বাসে আগুন ছড়িয়ে পড়েছে। গত ৩১ অক্টোবর রাতে একজন হেলপারকে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। রাজধানীর ১২টি স্থানে আগুন দেওয়ার সময় ১২ জন দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার করা হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ